কলকাতা: ব্যাঙ্কিং ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক যুবক-যুবতীদের জন্য সুখবর। দেশজুড়ে ৫,১৩৮ জন অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ নিয়োগ করতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। সম্প্রতি ব্যাঙ্কের পক্ষ থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি (HRD/Ap…
কলকাতা: ব্যাঙ্কিং ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক যুবক-যুবতীদের জন্য সুখবর। দেশজুড়ে ৫,১৩৮ জন অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ নিয়োগ করতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। সম্প্রতি ব্যাঙ্কের পক্ষ থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি (HRD/Apprentice/ADVT/2025-26) জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে এই নিয়োগ প্রক্রিয়া চালানো হবে।
আবেদনের যোগ্যতা ও বয়স
বিজ্ঞপ্তি অনুযায়ী, যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখার স্নাতক (Graduate) হলেই এই পদের জন্য আবেদন করা যাবে। ১ জানুয়ারি ২০২৬ তারিখের হিসেবে আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে
অর্থাৎ, আবেদনকারীর জন্মতারিখ ২-১-১৯৯৮ থেকে ১-১-২০০৬-এর মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। তফশিলি জাতি ও উপজাতিরা ৫ বছর এবং ওবিসি প্রার্থীরা ৩ বছর অতিরিক্ত সময় পাবেন। প্রাক্তন সেনাকর্মী ও প্রতিবন্ধীদের ক্ষেত্রেও বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।
বেতন ও প্রশিক্ষণ
এটি মূলত ১ বছরের একটি ট্রেনিং প্রোগ্রাম। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড দেওয়া হবে:
- গ্রামীণ ও আধা-শহর (Semi-Urban) এলাকা: ১২,০০০ টাকা।
- শহরাঞ্চল (Urban) এলাকা: ১২,০০০ টাকা।
- মেট্রো সিটি: ১৫,০০০ টাকা।
পশ্চিমবঙ্গের শূন্যপদ (সার্কেল অনুযায়ী)
পশ্চিমবঙ্গের বিভিন্ন সার্কেলে উল্লেখযোগ্য শূন্যপদগুলি হলো:
- বর্ধমান: ৩০টি
- দুর্গাপুর: ২৮টি
- হুগলি: ৩১টি
- কলকাতা (উত্তর): ৫৬টি
- কলকাতা (দক্ষিণ): ৪৩টি
- কলকাতা (পশ্চিম): ৪৪টি
- মালদহ: ২৫টি
- মুর্শিদাবাদ: ২৭টি
- নদিয়া: ২৭টি
- শিলিগুড়ি: ২৪টি
- উত্তর ২৪ পরগনা: ৫০টি
- দক্ষিণ ২৪ পরগনা: ২৯টি
- পুরুলিয়া: ৩৭টি
- পূর্ব মেদিনীপুর: ৩৬টি
- পশ্চিম মেদিনীপুর: ২৭টি
- খড়গপুর: ২৭টি
নির্বাচন পদ্ধতি
প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে এই পরীক্ষা হওয়ার কথা। ১০০ নম্বরের পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে, সময় থাকবে ১ ঘণ্টা। পরীক্ষা নেওয়া হবে মূলত চারটি বিষয়ে:
১. জেনারেল/ফিন্যান্সিয়াল অ্যাওয়্যারনেস
২. জেনারেল ইংলিশ
৩. কোয়ান্টিটেটিভ ও রিজনিং অ্যাপ্টিটিউড
৪. কম্পিউটার নলেজ
প্রতিটি ভুল উত্তরের জন্য ২৫ শতাংশ বা ০.২৫ নম্বর কাটা যাবে। অনলাইন পরীক্ষায় উত্তীর্ণদের পরে স্থানীয় ভাষা পরীক্ষা, ইন্টারভিউ ও ডাক্তারি পরীক্ষার জন্য ডাকা হবে।
আবেদন প্রক্রিয়া ও ফি
আগ্রহী প্রার্থীদের ব্যাঙ্কের নিজস্ব ওয়েবসাইট (https://pnbindia.in/Recruitments.aspx) বা www.bfsissc.com-এর মাধ্যমে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
- সাধারণ ও ওবিসি (পুরুষ): ৯৪৪ টাকা।
- সাধারণ ও ওবিসি (মহিলা) এবং ইডব্লিউএস: ৭০৮ টাকা।
- তফশিলি জাতি/উপজাতি ও প্রতিবন্ধী: ২৩৬ টাকা।
আবেদন করার সময় একটি বৈধ ইমেল আইডি, পাসপোর্ট সাইজ ফটো এবং স্ক্যান করা স্বাক্ষর থাকতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

No comments